গাজীপুরে স্ত্রী-সন্তানসহ পাঁচ খুনে অভিযুক্ত ফোরকানের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ২০৯৮ বার পড়া হয়েছে
গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন মেয়ে ও শ্যালককে হত্যার আলোচিত ঘটনায় প্রধান অভিযুক্ত ফোরকান মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে পদ্মা নদী থেকে। এর আগে পদ্মা সেতুর ওপর থেকে তার ব্যাগ ও কাপড় উদ্ধার করেছিল সিআইডি।
পুলিশ জানিয়েছে, পাঁচ খুনের ঘটনার পর থেকেই পলাতক ছিলেন প্রধান অভিযুক্ত ফোরকান মিয়া। তাকে গ্রেফতারে কাজ করছিল আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল। তদন্তের একপর্যায়ে পদ্মা সেতুর ওপর পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ ও কিছু কাপড় উদ্ধার করে সিআইডি। পরে যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়া যায়, সেগুলো ফোরকানের। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার পদ্মা নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নৃশংস হত্যাকাণ্ডের পর ফোরকান পদ্মা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।



























