উত্তরাঞ্চলের নদনদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত
- আপডেট সময় : ০২:১০:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চলের নদনদীর পানি কোথাও কোথাও বিপৎসীমা এবং কোথাও সতর্কসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, জামালপুর ও বগুড়ার নিম্নাঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়াও সিলেটের ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এবং পানি উন্নয়ন বোর্ড জানায়, ডালিয়া পয়েন্টে তিস্তার পানি রোববার বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল । উজানের ঢলের প্রভাবে তিস্তা অববাহিকায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধার নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও ব্রহ্মপূত্র ও যমুনা নদীর পানি সতর্কসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া এলাকার নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী এলাকা প্লাবিত হতে পারে। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পানি বৃদ্ধি স্বল্পস্থায়ী হতে পারে। মধ্যরাতের পর থেকে বিভিন্ন এলাকায় পানি কমে বিপদসীমার নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
























