ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে কর্মরত দুই বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
- আপডেট সময় : ১১:৫৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে কর্মরত দুই বাংলাদেশি প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা নিহত হয়েছেন। নিহতরা হলেন সাতক্ষীরা জেলার শফিকুল ইসলাম ও মো. নাহিদুল ইসলাম। বাংলাদেশ দূতাবাস, বৈরুত থেকে জারি করা এক শোক বার্তায় জানানো হয়, সোমবার দুপুরে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ে জেলার যেন্দীন এলাকায় নিজ আবাসস্থলে ইসরায়েলি ড্রোন হামলায় তারা মারা যান।
নিহত শফিকুলের বাড়ি সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুরে এবং নিহত নাহিদুল বাড়ি একই জেলার আশাশুনির কাদাকাটিতে। বর্তমানে দুজনের মরদেহ নাবাতিয়ের নাবিহ বেররী হাসপাতালে রাখা হয়েছে। দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত শোক বার্তায় মৃত দুজনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে, তারপর থেকে দক্ষিণ লেবাননে সংঘর্ষ ও সামরিক অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় গণমাধ্যম জানায়, ইসরায়েলি বাহিনী আবাসিক এলাকা ও হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে এবং হিজবুল্লাহ যোদ্ধারা পাল্টা আক্রমণ চালিয়ে এর জবাব দিচ্ছে।























