আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০১:৪৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / ১৫৪১ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—ওজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তাদের সবার বাড়ি দুপ্তারা খানপাড়া এলাকায়। নিহত ওজাইফার বাবার নাম আলআমিন, আফসার বাবা মুন্না, রিয়া মনির বাবা জাহাঙ্গীর এবং রুবাইয়ার বাবা রাকিব। তারা স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, দুপুরের পর থেকে শিশুদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুর পাড়ে শিশুদের জুতা ও স্যান্ডেল পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি করে পানির নিচ থেকে চার শিশুকে উদ্ধার করেন। তাদের মধ্যে দুই শিশুকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুই শিশুকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) সবজেল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। পরে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্লাবন রাজু
























