বগুড়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত
- আপডেট সময় : ০১:৫৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করা এবং আত্মকর্মসংস্থানের মাধ্যমে দেশের উন্নয়নে সম্পৃক্ত করার প্রত্যয় নিয়ে বগুড়ায় পালিত হয়েছে জাতীয় যুব দিবস। দিবসটি উপলক্ষে ঋণের চেক ও যুব সংগঠনের নিবন্ধন সনদ বিতরণ, শ্রেষ্ঠ যুব সংগঠক ও সফল উদ্যোক্তাকে সম্মাননা প্রদান এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার (১ নভেম্বর) সকালে যুব উন্নয়ন অধিদপ্তর, বগুড়ার আঞ্চলিক কেন্দ্রের মিলনায়তনে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবারের প্রতিপাদ্য ছিল ‘দক্ষ যুবক গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির এবং পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তর, বগুড়ার উপপরিচালক সাহাবুদ্দিন সরকার। এ ছাড়া বক্তব্য দেন সুরাইয়া ফারহানা রেশনা, রেজওয়ানুল ইসলাম, আতিকুল ইসলাম বিপ্লব, রেজওয়ানুল ইসলাম আতিক, তরুণ উদ্যোক্তা রিপন কুমার এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচারের যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন, বগুড়া সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, সাবেক যুবদল সভাপতি খাদেমুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের কারিগরি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি আত্মকর্মসংস্থান এবং উদ্যোক্তা তৈরিতে আরও বেশি সুযোগ সৃষ্টি করতে হবে। যুবসমাজের সৃজনশীলতা ও কর্মদক্ষতাকে কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে।
অনুষ্ঠানে যুব সংগঠনগুলোর কার্যক্রম সম্প্রসারণ ও তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে ঋণের চেক এবং নিবন্ধন সনদ বিতরণ করা হয়। পাশাপাশি জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক ও সফল উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়।











