ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন
- আপডেট সময় : ০৪:০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৯২ বার পড়া হয়েছে
ফরিদপুরের মধুখালীতে পুত্রবধূকে ধর্ষণের দায়ে হাফিজার শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামিমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি হাফিজার শেখ আদালতে উপস্থিত ছিলেন।
কুপ্রস্তাব ও ধর্ষণের অভিযোগ
মামলার এজাহার সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই হাফিজার শেখ তার পুত্রবধূকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। একপর্যায়ে ২০২২ সালের ২৫ আগস্ট বেলা ১১টার দিকে কৌশলে পুত্রবধূকে নিজের ঘরে ডেকে নেন তিনি।
সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পরে ভয়ভীতি দেখিয়ে হাফিজার শেখ তাকে একাধিকবার ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
গর্ভবতী হওয়ার পর গর্ভপাতের অভিযোগ
মামলার অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে ওই নারী গর্ভবতী হয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে হাফিজার শেখ জোরপূর্বক তার গর্ভপাত করান বলে অভিযোগ করা হয়।
পরে তিনি বিষয়টি স্বামী ও আত্মীয়স্বজনকে জানালে তারা বিচার না করে নানা টালবাহানা করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এরপর ওই নারী বাবার বাড়িতে চলে যান।
তদন্ত শেষে অভিযোগপত্র
পরে ১০ সেপ্টেম্বর মধুখালী থানায় শ্বশুর হাফিজার শেখকে আসামি করে ধর্ষণের মামলা করেন ভুক্তভোগী।
মামলার তদন্ত কর্মকর্তা মধুখালী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিউল আলম দীর্ঘ তদন্ত শেষে ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি আদালতে হাফিজার শেখকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করেন আদালত।
রাষ্ট্রপক্ষের বক্তব্য
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, হাফিজার শেখের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
তিনি জানান, এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
























