ফরিদপুরে হাসান শেখ হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
- আপডেট সময় : ০৪:০০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৬০ বার পড়া হয়েছে
ফরিদপুরের কানাইপুরে হাসান শেখ হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের স্পেশাল জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীন এ রায় ঘোষণা করেন।
মরদেহ গুমের চেষ্টায় আরও ৭ বছরের কারাদণ্ড
রায়ে দণ্ডবিধির ২০১ ধারায় মরদেহ গুমের চেষ্টার অভিযোগেও চার আসামিকে আরও সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধারায় প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—ফরিদা বেগম, ফারুক বিশ্বাস, চান্দু শেখ ও শাহজাহান মাতুব্বর। তাদের মধ্যে তিনজন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। ফরিদা বেগম পলাতক রয়েছেন। পরে উপস্থিত তিন আসামিকে কারাগারে পাঠানো হয়।
যেভাবে হত্যা করা হয় হাসান শেখকে
মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জেরে ২০১৮ সালের ৯ থেকে ১৩ মে’র মধ্যে কানাইপুরের ঝাউখোলা এলাকায় হাসান শেখকে হত্যা করা হয়। পরে তার মরদেহ বস্তায় ভরে একটি আখক্ষেতে ফেলে রাখা হয়।
১৩ মে স্থানীয়রা আখক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহত হাসান শেখের বাবা বাদী হয়ে ছয়জনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
দীর্ঘদিন সাক্ষ্য-প্রমাণ গ্রহণের পর আদালত চার আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহ মো. আজিজুর রহমান বিকু বলেন, চার আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।























