কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসবের পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ০৪:৩৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এবং মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিআরইউর সাগর-রুনী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
ডিআরইউকে সিড মানি দেওয়ার কথা ভাবছে সরকার
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি ও জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ জাবের, ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল এবং সাবেক ক্রীড়ালেখক, সংগঠক ও ব্যাংকার সেলিম নজরুল হক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, দেশের সব ক্রীড়া ফেডারেশনকে সিড মানি দেওয়া হবে। সেই অর্থের লভ্যাংশ দিয়ে ফেডারেশনগুলো তাদের ক্রীড়া কার্যক্রম পরিচালনা করতে পারবে।
তিনি বলেন, ‘ঠিক সেরকম একটি সিড মানিও ডিআরইউকে দেওয়ার কথা ভাবছি আমরা। যাতে সাংবাদিকদের খেলা আয়োজন করতে কোনো সমস্যা না হয়।’
খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন আবদুল্লাহ জাবের
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি আবদুল্লাহ জাবের বলেন, খেলাধুলা দেশের যুব সমাজের চালিকা শক্তি। খেলাধুলার মাধ্যমে মানুষের মনন বিকশিত হয় এবং শরীর সুস্থ থাকে।
তিনি ডিআরইউর এমন আয়োজনকে স্বাগত জানান।
সভাপতির বক্তব্যে আবু সালেহ আকন বলেন, ‘আমরা সাংবাদিকরা লেখালেখির পাশাপাশি খেলাতেও যে সেরা, সেটাই প্রমাণিত হয়েছে। আমরা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে খেলাধুলা করার সহযোগিতা চাই।’
বছরজুড়ে ক্রীড়া আয়োজনের পরিকল্পনা
ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি শুধু সাংবাদিকদের পেশাগত স্বার্থ নিয়ে কাজ করে না। সদস্যদের বিনোদন, মানসিক প্রশান্তি ও সুস্থ জীবনযাপনকেও গুরুত্ব দেওয়া হয়।
তিনি বলেন, সাংবাদিকরা প্রতিদিন ব্যস্ততা, চাপ ও নানা প্রতিকূলতার মধ্যে দায়িত্ব পালন করেন। তাই কর্মব্যস্ততার বাইরে মানসিক প্রশান্তি ও শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার বিকল্প নেই।
ডিআরইউ বছরজুড়ে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করে বলেও জানান তিনি। সামনে ডিআরইউর উদ্যোগে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে। এসব আয়োজন আরও আকর্ষণীয় ও বড় পরিসরে করার পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও বলেন, ডিআরইউর ক্রীড়া কার্যক্রমকে গতিশীল করতে সিড মানি প্রয়োজন। এ জন্য সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান, ক্রীড়াপ্রেমী ব্যক্তি ও সংগঠনের প্রতি ডিআরইউকে সিড মানি দেওয়ার আহ্বান জানান তিনি।
সেরা পুরুষ ও নারী ক্রীড়াবিদ
এবারের কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসবে ১৫টি ইভেন্টে ডিআরইউর প্রায় তিন শতাধিক সাংবাদিক অংশ নেন।
আসরে সেরা পুরুষ ক্রীড়াবিদের পুরস্কার শফিকুল কবির ট্রফি জিতে নিয়েছেন এশিয়ান টিভির বাতেন বিপ্লব। আর সেরা নারী ক্রীড়াবিদের এম আনোয়ারুল হক ট্রফি জিতেছেন দি প্রেসেঞ্জা নিউজ এজেন্সির জাহিদা পারভেজ ছন্দা।

























