মাদক নির্মূল ও কিশোর গ্যাং দমনে কঠোর বার্তা দিলেন প্রতিমন্ত্রী টুকু
- আপডেট সময় : ০৩:৪৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৫১ বার পড়া হয়েছে
মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকু।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম নিয়ে বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন।
ঢাকা জেলা প্রশাসক মিজ্ ফরিদা খানমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। দেশের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, বর্তমানে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি কিশোর গ্যাং। তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। একই সঙ্গে মাদকের বিস্তার রোধ করা না গেলে ভবিষ্যতে এর ভয়াবহ প্রভাব পড়বে সমাজে।
প্রতিমন্ত্রী বলেন, মাদক নির্মূলকে প্রথম টার্গেট হিসেবে নিতে হবে। এ জন্য প্রতিটি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে টিম গঠন করে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মাদক কারবারিদের তালিকা তৈরির নির্দেশ দিয়ে তিনি বলেন, তালিকা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণের নির্দেশ
যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণের ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, অনিয়ন্ত্রিতভাবে এর সংখ্যা বাড়তে দেওয়া যাবে না। দ্রুত এসব যানবাহনকে নিয়ন্ত্রণ ও লাইসেন্সের আওতায় আনার ব্যবস্থা করতে হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়নেরও নির্দেশ দেন তিনি। উন্নয়ন প্রকল্পের কাজ ধীরগতির হলে তাকে জানানোর আহ্বান জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
তিনি জানান, প্রধানমন্ত্রী প্রতি মাসে জেলাভিত্তিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে আপডেট নেবেন। এ কারণে সংশ্লিষ্ট সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সভায় বক্তারা মাদক বিক্রি, কিশোর গ্যাং, ডাকাতি, চুরি ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি অবৈধ দোকান উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করা, ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ এবং যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশের আরও জোরালো ভূমিকার আহ্বান জানান সভায় উপস্থিত সংসদ সদস্যরা।
সভায় ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী ও ফেরদৌসী আহমেদসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
























