যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় তেলের দাম ১০০ ডলারের কাছাকাছি
- আপডেট সময় : ১২:৪৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪০ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার প্রভাব পড়েছে বিশ্ববাজারে। সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় টানা চতুর্থ দিনের মতো বেড়েছে অপরিশোধিত তেলের দাম। বুধবার (৯ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত তীব্র হওয়ায় তেল সরবরাহে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে বুধবার এশিয়ার বাজারে দিনের শুরুতেই তেলের দাম এক ডলারের বেশি বেড়ে যায়।
বাংলাদেশ সময় সকাল ৮টা ১২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৩৩ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ৯৪ দশমিক ৩৪ ডলারে ওঠে।
সংঘাত ছড়িয়ে পড়ায় বাড়ছে উদ্বেগ
রয়টার্সের তথ্য অনুযায়ী, আগস্টের শুরু থেকে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২৫ শতাংশ বেড়েছে। দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের স্থায়ী সমাধানের সম্ভাবনা কমে যাওয়ার পাশাপাশি নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় তেলের বাজারে চাপ আরও বাড়ছে।
মঙ্গলবার মধ্যপ্রাচ্যের সংঘাত আরও তীব্র হয়। ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনের হুতিরা সৌদি আরবের কয়েকটি শহরে হামলা চালায়। এতে যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরবও সংঘাতে আরও গভীরভাবে জড়িয়ে পড়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের একাধিক তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। এর জবাবে ইরান জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সরবরাহে বড় ধাক্কার শঙ্কা
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক পরিস্থিতিতে শান্তি আলোচনা দ্রুত শুরু হওয়ার সম্ভাবনা কমেছে। ফলে তেলের বাজারে ঝুঁকির প্রভাব আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।
মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ নৌপথে হামলার কারণে অঞ্চলটি থেকে তেল সরবরাহ ইতোমধ্যে চাপের মুখে রয়েছে। নতুন হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
বিশ্লেষকেরা বলছেন, সৌদি আরব হরমুজ প্রণালি এড়িয়ে বিকল্প পথে কিছু তেল রপ্তানি করছে। তবে দেশটিতে হামলা অব্যাহত থাকলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়তে পারে।





















