জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাফুফে, ভারপ্রাপ্ত কোচ আতিকুর
- আপডেট সময় : ০৪:১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের মাঝপথে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাফুফে। একই সঙ্গে জেরার্ড জোন্সের সঙ্গে করা চুক্তিও বাতিল করেছে সংস্থাটি।
ভারতের বিপক্ষে দায়িত্বে আতিকুর
বাফুফে জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ আতিকুর রহমান মিশু।
উজবেকিস্তানের তাসখন্দে চলছে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব। সেখানে প্রথম দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ। গতকাল সিরিয়ার কাছে ৩-০ গোলে হারের পরই কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বাফুফে।
এর আগে প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
নানা ঘটনায় আলোচনায় ছিলেন জোন্স
কয়েক দিন ধরেই আলোচনায় ছিলেন ব্রিটিশ কোচ জেরার্ড জোন্স। বেতন বকেয়া থাকার দাবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দিয়েছিলেন তিনি।
এ ছাড়া ঢাকার একটি হোটেলে সহকারী কোচ আতিকুর রহমানের সঙ্গে তার হাতাহাতির ঘটনাও ঘটে। ওই ঘটনায় হোটেলে পুলিশ ডাকার খবরও আসে।
তাসখন্দে যাওয়ার আগে জেরার্ড জোন্সকে বরখাস্ত করা হয়েছে- এমন গুঞ্জন ছড়িয়েছিল। তবে তখন সেটি বাস্তবায়িত হয়নি।
আতিকুরের সামনে ভারতের ম্যাচ
জেরার্ড জোন্সের সঙ্গে আতিকুর রহমানের সম্পর্ক নিয়েও দলের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছিল। উজবেকিস্তানে যাওয়ার পর প্রথম দুই ম্যাচে ডাগআউটে থাকতে পারেননি আতিকুর।
এদিকে সিরিয়ার কাছে হারের পর এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ওঠার আশা কার্যত শেষ বাংলাদেশের। আগামী ৬ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে খেলবে যুব দল।
ভারত ম্যাচকে সামনে রেখে আতিকুর বলেছেন, শেষ ম্যাচের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। সুযোগ না থাকলেও খেলোয়াড়দের অনুপ্রাণিত করে জয় নিয়ে দেশে ফিরতে চান তিনি।

























