শিল্প কোনো পাপ নয়, শিল্পীকে অসম্মান সভ্যতার শিক্ষা নয়: প্রভা
- আপডেট সময় : ০৪:০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা শোবিজ অঙ্গনে মূল্যবোধের অবক্ষয় এবং শিল্পীদের পরিচয়ের প্রতি অসম্মানজনক মনোভাব নিয়ে সরব হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে শিল্পী ও সংস্কৃতিচর্চার মর্যাদা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি।
প্রভার মতে, শিল্পী পরিচয় কখনোই লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত।
নিজের পোস্টে অভিনেত্রী লেখেন, ‘একটা পরিচয় যদি একদিন আপনাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ আর মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করবেন।’
সংস্কৃতিচর্চায় শিক্ষার গুরুত্ব
সংস্কৃতি অঙ্গনে কাজ করতে আসা ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতা ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন প্রভা। তার মতে, শুধু পরিচিতি বা জনপ্রিয়তার আকাঙ্ক্ষা নিয়ে সংস্কৃতিচর্চায় আসা উচিত নয়। এর সঙ্গে শিক্ষা, মূল্যবোধ ও সংস্কৃতিবোধও থাকা প্রয়োজন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জানি, কথাগুলো অনেকের কাছে কঠিন শোনাবে। হয়তো একটু বাজেও শোনাবে। তবুও বলছি, আমি চাই না অশিক্ষা, অজ্ঞতা আর সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ সংস্কৃতিচর্চায় আসুক।’
নিজের পরিচয়ের প্রতি সম্মানের আহ্বান
যারা সংস্কৃতি অঙ্গনে আসবেন, তাদের নিজেদের পরিচয়ের প্রতিও সম্মান থাকা জরুরি বলে মনে করেন এই অভিনেত্রী। প্রভা বলেন, ‘আমি চাই, যারা আসবে তারা শিক্ষা নিয়ে আসুক, মূল্যবোধ নিয়ে আসুক, সংস্কৃতিবোধ নিয়ে আসুক এবং সবচেয়ে বেশি, নিজের পরিচয়ের প্রতি সম্মান নিয়ে আসুক।’
শিল্পের গুরুত্ব ও শিল্পীর মর্যাদা বোঝাতে গিয়ে তিনি আরও বলেন, ‘কারণ শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয়, শিল্প একটি সংস্কৃতি। আর একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা নয়।’
প্রভার বক্তব্যে শিল্পী পরিচয়কে ছোট করে দেখা এবং সংস্কৃতি অঙ্গনে মূল্যবোধের ঘাটতি নিয়ে তার উদ্বেগ স্পষ্ট হয়েছে। একই সঙ্গে নতুন প্রজন্মের সংস্কৃতিকর্মীদের শিক্ষা, সচেতনতা ও নিজেদের পরিচয়ের প্রতি সম্মান রেখে এই অঙ্গনে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

























