নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা
- আপডেট সময় : ১১:১৯:০৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ১৫৩২ বার পড়া হয়েছে
সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে-স্কেলের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৩১ আগস্ট) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন কাঠামো অনুমোদন করা হয়।
নতুন পে-স্কেলে আগের মতো ২০টি গ্রেড রাখা হয়েছে। এতে ২০তম গ্রেডে সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা এবং ১ম গ্রেডে সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন বেতনস্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে।
সরকারের আর্থিক সক্ষমতা, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং সরকারি কর্মচারীদের জীবনমান বিবেচনায় নিয়ে এ বেতন কাঠামো তৈরি করা হয়েছে। নতুন স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:১.৯৪৫ থেকে কমিয়ে ১:১.৭৮ করা হয়েছে।
দুই অর্থবছরে বাস্তবায়ন
বেতনস্কেলের আর্থিক চাপ বিবেচনায় পুরো কাঠামো একবারে বাস্তবায়ন করা হবে না। ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে ধাপে ধাপে এটি কার্যকর করা হবে।
স্বল্প আয়ের কর্মচারীদের অগ্রাধিকার দিয়ে ১০ম থেকে ২০তম গ্রেডের বেতন আগে বাস্তবায়ন করা হবে। ১ জুলাই ২০২৬ থেকে ১ জুলাই ২০২৭-এর মধ্যে মূল বেতন তিন ধাপে কার্যকর হবে। আর বিভিন্ন ভাতা ১ জানুয়ারি ২০২৮ থেকে একযোগে কার্যকর হবে।
বাড়ছে পেনশন ও নতুন ভাতা
নতুন পে-স্কেলে ‘এক গ্রেড এক পেনশন’ বা ওআরওপি ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এটি ২০৩০ সালের মধ্যে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
বর্তমানে অবসরভোগীদের নিট পেনশনও বাড়ানো হবে। ৯ হাজার টাকা বা তার কম পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন ১০০ শতাংশ বাড়বে। ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ৭৫ শতাংশ এবং ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ৬৫ শতাংশ বাড়বে। এছাড়া ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের ৫৫ শতাংশ বাড়বে।
প্রথমবারের মতো বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা ‘প্রতিবন্ধী সন্তান ভাতা’ চালুর সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে সব গ্রেডের সরকারি কর্মচারীকে মোবাইল ভাতার আওতায় আনা হয়েছে।
নতুন পে-স্কেলে প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক কর্মচারী এবং ৯ লাখের বেশি অবসরপ্রাপ্ত কর্মচারী ও যোগ্য সুবিধাভোগী উপকৃত হবেন। এতে সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় হবে আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা।
জুডিশিয়াল সার্ভিসের জন্য পৃথক বেতনস্কেলও প্রণয়ন করা হবে। এ বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।











