তিন মাসের নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন
- আপডেট সময় : ০৩:৪১:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ১৫২৪ বার পড়া হয়েছে
দীর্ঘ তিন মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। একই সঙ্গে সুন্দরবনের নদী ও খালে মাছ ধরার সুযোগ পাবেন জেলেরা।
নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় পর্যটকরা সুন্দরবনের বিভিন্ন পর্যটন স্পট ভ্রমণ করতে পারবেন। বৈধ অনুমতিপত্র নিয়ে বনের ওপর নির্ভরশীল জেলেরাও জীবিকার সন্ধানে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন।
তবে সুন্দরবনের অভয়ারণ্য ঘোষিত এলাকায় প্রবেশের নিষেধাজ্ঞা আগের মতোই বহাল থাকবে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান জানান, বনজীবীরা সুন্দরবনে প্রবেশের জন্য বন বিভাগ থেকে বিএলসি ও পাস (অনুমতিপত্র) নবায়ন করেছেন। তারা সুন্দরবন থেকে বৈধভাবে বনজসম্পদ আহরণ করতে পারবেন।
তিনি আরও জানান, অভয়ারণ্য ঘোষিত এলাকায় প্রবেশের ক্ষেত্রে আগের নিষেধাজ্ঞাই কার্যকর থাকবে। সংশ্লিষ্ট নিয়ম মেনেই বনজীবী ও পর্যটকদের সুন্দরবনে প্রবেশ করতে হবে।
সুন্দরবনের পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্লানিংয়ের (আইআরএমপি) সুপারিশ অনুযায়ী ২০১৯ সাল থেকে প্রতি বছর ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ রাখা হতো।
পরবর্তীতে বন মন্ত্রণালয় নিষেধাজ্ঞার সময় এক মাস বাড়িয়ে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত করে। এ সময় সুন্দরবনের নদী ও খালে মাছ আহরণ বন্ধ থাকার পাশাপাশি পর্যটকদের প্রবেশও নিষিদ্ধ থাকে।
মঙ্গলবার থেকে সেই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। ফলে প্রায় তিন মাস পর সুন্দরবনে ফিরতে পারবেন পর্যটকরা। একই সঙ্গে বৈধ অনুমতিপত্র নিয়ে মাছ আহরণে যেতে পারবেন সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলেরা।






















