হৃদয় হত্যা: ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন
- আপডেট সময় : ০২:২২:২০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ১৫২৭ বার পড়া হয়েছে
চাঁদা না দেওয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে রাগিবুল হাসান হৃদয়কে হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৩১ আগস্ট) বগুড়ার অতিরিক্ত জেলা জজ-৫ আদালতের বিচারক কৌশিক আহমেদ খোন্দকার আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—সাদ্দাম হোসেন স্বাধীন ও মো. রাব্বি। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া তিন আসামি হলেন আশিক, শাকিল ও মতিন।
রায়ে পাঁচ আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আদায় হলে এর অর্ধেক নিহত হৃদয়ের সন্তানকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বাকি অর্ধেক রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
চাঁদা না দেওয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ জুলাই সন্ধ্যায় বগুড়া মহানগরের কৈপাড়া পুকুরপাড় এলাকায় হৃদয়দের ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবিতে হামলা চালান আসামিরা।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরেই ধারালো অস্ত্র দিয়ে হৃদয়কে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে হৃদয়ের বাবা মামুনুর রশিদকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।
পরে গুরুতর আহত হৃদয়কে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মায়ের করা মামলায় রায়
হৃদয় হত্যার ঘটনায় তার মা আয়েশা সিদ্দিকা বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত মামলাটির রায় ঘোষণা করেন।
রায়ে দুই আসামির মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।


























