আবুল কালাম আযাদের আপিল চলবে কি না, আদেশ ৭ সেপ্টেম্বর
- আপডেট সময় : ১১:৩০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের করা আপিল গ্রহণযোগ্য কি না, সে বিষয়ে আগামী ৭ সেপ্টেম্বর আদেশ দেবেন আপিল বিভাগ।
সোমবার (৩১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন বেঞ্চ শুনানি শেষে এ দিন ধার্য করেন।
৪ হাজার ৯১৫ দিন পর আপিলের উদ্যোগ
মৃত্যুদণ্ডের রায় ঘোষণার ৪ হাজার ৯১৫ দিন পর আবুল কালাম আযাদ আপিল করার সুযোগ পাবেন কি না, মূলত সেই প্রশ্নেরই নিষ্পত্তি হবে ৭ সেপ্টেম্বর।
আদালতে আবুল কালাম আযাদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক। রাষ্ট্রপক্ষের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
আপিলে আবুল কালাম আযাদ বিলম্ব মার্জনার আবেদন করেছেন। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার মৃত্যুদণ্ডের কার্যক্রম স্থগিত রাখার আবেদনও করা হয়েছে।
২০১৩ সালে মৃত্যুদণ্ডের রায়
মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের বিভিন্ন স্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৩ সালের ২১ জানুয়ারি পলাতক অবস্থায় আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। স্বাধীনতার পর মানবতাবিরোধী অপরাধের মামলায় এটি ছিল প্রথম রায়।
দীর্ঘদিন পলাতক থাকার পর চলতি বছরের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন তিনি। এর আগে রাষ্ট্রপতির কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে তার মৃত্যুদণ্ডের সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়েছিল বলে তার আইনজীবী জানিয়েছিলেন।
রাষ্ট্রপতির আদেশের ধারাবাহিকতায় আত্মসমর্পণের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আপিলের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় নথিপত্র সরবরাহের নির্দেশ দেয়। পরে আবুল কালাম আযাদ আপিল করেন।
এখন দীর্ঘ সময় পর করা সেই আপিল আইনগতভাবে গ্রহণযোগ্য হবে কি না, সে বিষয়ে আপিল বিভাগের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে মামলাটি।




















