নওগাঁয় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৪:০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
নওগাঁর ধামইরহাট উপজেলায় আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার শিমুলতলী ব্রিজসংলগ্ন আত্রাই নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর গ্রামের যুবদল নেতা তহিদুল ইসলামের ছেলে জিসান (৮) এবং একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে তাহমিদ হোসেন (৮)।
স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের আত্রাই নদীতে মাছ ধরতে যায় জিসান ও তাহমিদ। তারা নদীর পাড়ে মাছ ধরছিল। একপর্যায়ে মাছ ধরার জন্য দুজনই নদীর পানিতে নামলে স্রোত ও গভীর পানির কারণে তলিয়ে যায়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত নদীতে নেমে দুই শিশুকে উদ্ধারের চেষ্টা করেন।
পরে স্থানীয়দের সহায়তায় নদী থেকে জিসান ও তাহমিদকে উদ্ধার করে দ্রুত ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুই শিশুর আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রসপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। একই গ্রামের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে গভীর শোক।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে আত্রাই নদীতে পানির গভীরতা ও স্রোত বেড়ে যাওয়ায় নদীতে নামা ঝুঁকিপূর্ণ। শিশুদের নদী বা খাল-বিলে একা না যেতে পরিবারের পক্ষ থেকে সতর্ক করা প্রয়োজন বলেও মনে করেন তারা।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, নদীতে মাছ ধরতে পানিতে নামার পর দুই শিশু তলিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।


























