যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, নাসা ও সিনেটে চীনা হ্যাকারদের হামলার অভিযোগ
- আপডেট সময় : ০১:৪২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ দাবি করেছে, চীনা হ্যাকারদের একটি সাইবার অভিযানে দেশটির গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানে অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়েছে। লক্ষ্যবস্তুর তালিকায় ছিল মার্কিন বিচার বিভাগ, মহাকাশ গবেষণা সংস্থা নাসা, কেন্দ্রীয় ব্যাংক, সিনেটসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।
বুধবার (২৬ আগস্ট) মার্কিন কর্তৃপক্ষ জানায়, চীনা হ্যাকারদের ব্যবহৃত দুটি সাইবার প্ল্যাটফর্মের ডোমেইন জব্দ করা হয়েছে। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ নেটওয়ার্কে হামলা চালানো হচ্ছিল বলে অভিযোগ করেছে ওয়াশিংটন।
মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, কিউস্ক্যান ও কিউটিআরাউটার নামে দুটি হ্যাকিং প্ল্যাটফর্ম এই অভিযানে ব্যবহার করা হয়। হ্যাকারদের লক্ষ্যবস্তুর মধ্যে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ, স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ এবং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কয়েকটি প্রতিষ্ঠানও ছিল।
বিচার বিভাগের দাবি, এসব প্ল্যাটফর্ম পরিচালনার সঙ্গে চীনের নানজিং শিনজিউই নেটওয়ার্ক টেকনোলজি কোম্পানির সংশ্লিষ্টতা রয়েছে। প্রতিষ্ঠানটির গ্রাহকদের মধ্যে চীনের বেসামরিক গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় এবং সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মির সদস্যরাও রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
২০১৮ সাল থেকে সাইবার হামলার চেষ্টা
আদালতে জমা দেওয়া হলফনামায় বলা হয়েছে, ২০১৮ সাল থেকেই হ্যাকাররা বিভিন্ন ধরনের সরঞ্জাম ব্যবহার করে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সংবেদনশীল নেটওয়ার্কে প্রবেশের চেষ্টা চালিয়ে আসছে।
হলফনামায় উল্লেখ করা হয়, ২০১৯ সালের আগস্টে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের (ভিপিএন) একটি দুর্বলতা কাজে লাগিয়ে নাসার নেটওয়ার্কে প্রবেশের চেষ্টা করা হয়েছিল। তবে সেই প্রচেষ্টা সফল হয়নি।
এ ছাড়া ২০২৪ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের তিনটি গবেষণাগার, ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ, স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের একটি সংস্থা এবং একটি মার্কিন নিরাপত্তা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানে অনুপ্রবেশের চেষ্টা চালানো হয় বলে দাবি করেছে মার্কিন কর্তৃপক্ষ।
এফবিআই, এনএসএ এবং মার্কিন সাইবার কমান্ডের সাইবার ন্যাশনাল মিশন ফোর্সের যৌথ প্রতিবেদনে কয়েক বছর ধরে চালানো একাধিক সাইবার হামলার তথ্য তুলে ধরা হয়েছে। এতে ২০২৪ সালের মে মাসে কয়েকটি প্রতিরক্ষা ঠিকাদারি প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় থেকে তথ্য চুরির অভিযোগও রয়েছে।
চীনের অস্বীকার
ওয়াশিংটনে চীনা দূতাবাসের এক মুখপাত্র জানিয়েছেন, বিচার বিভাগের অভিযোগে উল্লেখ করা নির্দিষ্ট বিষয় সম্পর্কে তারা অবগত নন। তবে তিনি বলেন, চীন সব ধরনের সাইবার হামলার বিরোধিতা করে এবং আইন অনুযায়ী এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র সাইবার নিরাপত্তার বিষয়টি ব্যবহার করে চীনকে অপমান ও কলঙ্কিত করার চেষ্টা করছে।
বাড়ছে সাইবার উত্তেজনা
সাম্প্রতিক বছরগুলোতে চীনের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকারদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সরকারি ও বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ নেটওয়ার্কে হামলার অভিযোগ উঠেছে।
মার্কিন কর্মকর্তাদের দাবি, চীনা সাইবার গ্রুপগুলো বিভিন্ন সরকারি সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের নেটওয়ার্কে প্রবেশের মাধ্যমে তথ্য সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, চীনের বিভিন্ন সরকারি সংস্থার হয়ে অনেক সময় বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোও এ ধরনের কার্যক্রম পরিচালনা করে।





















