এক সপ্তাহের মধ্যে দেশে-বিদেশে থাকা দালাল চক্রের তথ্য পাঠানোর নির্দেশ
- আপডেট সময় : ০৫:০১:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / ১৫৪০ বার পড়া হয়েছে
দেশে ও বিদেশে সক্রিয় অবৈধ দালাল চক্রের তথ্য এক সপ্তাহের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ যাওয়া প্রতিরোধবিষয়ক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।
সভায় মন্ত্রী বলেন, দালালদের প্রলোভনে পড়ে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে বিদেশ যাওয়ার প্রবণতা বন্ধ করতে হবে। এ কাজে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে বিদেশ যাওয়ার সময় সুনামগঞ্জের ১২ তরুণ নিহতের ঘটনায় দায়ের করা মামলাটিও গুরুত্বসহকারে দেখার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন মন্ত্রী।
তিনি বলেন, অবৈধ পথে বিদেশ যাওয়ার ঝুঁকি না নিয়ে তরুণদের বৈধ এজেন্সি ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের পরামর্শ নিয়ে বিদেশ যেতে হবে। বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে সরকারি নিয়ম মেনে এবং যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় মন্ত্রী আরও জানান, মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে বিনামূল্যে ১০ হাজার কর্মী নেবে। এ ক্ষেত্রে অভিবাসনপ্রত্যাশীদের কোনো অর্থ ব্যয় করতে হবে না।
তিনি বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে বৈধ পথে প্রায় এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
এ ছাড়া হাওরাঞ্চলের তরুণদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে বিদেশি ভাষা শেখানোর প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।





















