ট্রাইব্যুনালে হাজির ৩ সাংবাদিক
শেখ হাসিনার সংবাদ সম্মেলনে উসকানির অভিযোগ
- আপডেট সময় : ১২:৩৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
হাজির করা তিন সাংবাদিক হলেন— একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল বাবু, একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপা এবং জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।
প্রসিকিউশন জানিয়েছে, গত ১৭ আগস্ট মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তিন সাংবাদিকের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে বলেও জানানো হয়েছে।
রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ২০২৪ সালের ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলনে কয়েকজন সাংবাদিক প্রশ্ন করার নামে উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতেই আন্দোলনকারীদের নিয়ে ‘রাজাকারের বাচ্চা’ ও ‘রাজাকারের নাতিপুতি’ মন্তব্য করেছিলেন শেখ হাসিনা।
তিনি অভিযোগ করেন, সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাজ প্রশ্ন করা হলেও ওই অনুষ্ঠানে উপস্থিত কিছু সাংবাদিকের বক্তব্য ছিল প্রধানমন্ত্রীর প্রশংসা এবং নির্দিষ্ট বক্তব্য বের করে আনার মতো।
প্রসিকিউশনের দাবি, এই ঘটনার মাধ্যমে উসকানি ও প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। এটি কোনো পুরোনো মামলার অংশ নয়, নতুন করে করা একটি ‘মিস কেস’ বা বিবিধ মামলা। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।





















