ইরান চিরদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে না: পেজেশকিয়ান
- আপডেট সময় : ১২:০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ১৫৬০ বার পড়া হয়েছে
ইরান দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে গত জুনে হওয়া ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ পুনরায় কার্যকর করার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২৪ আগস্ট) রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পেজেশকিয়ান বলেন, “ইরান চিরদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এই পরিস্থিতি থেকে একদিন আমাদের বেরিয়ে আসতেই হবে। দেশের স্বার্থেই তা করতে হবে।”
তিনি বলেন, ইসলামাবাদ সমঝোতা স্মারক সংকট সমাধানের সবচেয়ে কার্যকর পথ হতে পারে। সরাসরি আলোচনার মাধ্যমে এই চুক্তি করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এটি পুনরায় কার্যকর হলে সম্মানজনক ও যৌক্তিক উপায়ে সমস্যার সমাধান সম্ভব।
গত ১৭ জুন পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মধ্যে ওই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ৬০ দিনের এই চুক্তি ছিল দুই দেশের মধ্যে একটি স্থায়ী শান্তিচুক্তির ভিত্তি তৈরির প্রাথমিক উদ্যোগ।
তবে যুক্তরাষ্ট্র চুক্তির শর্ত ভঙ্গ করেছে—এমন অভিযোগ তুলে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই ইরান সমঝোতা থেকে সরে যায়। এ ঘটনায় ইরানের অভ্যন্তরেও মতবিরোধ তৈরি হয় বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ও যুদ্ধ ইস্যুতে কট্টরপন্থিদের অবস্থানের সমালোচনা করে পেজেশকিয়ান বলেন, সরকারকে জনগণের পাশে থাকতে হবে। জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে শক্তিশালী সামরিক সক্ষমতা থাকলেও পরাজয় অনিবার্য হতে পারে।
এ সময় তার পাশে ছিলেন ইরানের ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি আয়াতুল্লাহ সায়ীদ হাসান খোমেনি। পেজেশকিয়ানের বক্তব্যকে সমর্থন করে তিনি বলেন, “কখনো কখনো একটি বিচক্ষণ সমঝোতা শত শত যুদ্ধের চেয়েও বেশি ফলপ্রসূ হতে পারে।”
সূত্র: সিএনএন





















