দীর্ঘদিন পর পুনঃস্থাপন হলো আরএমপির ঐতিহাসিক নামফলক
- আপডেট সময় : ০৫:২৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ১৫৪১ বার পড়া হয়েছে
দীর্ঘদিন অনুপস্থিত থাকার পর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কার্যক্রম শুরুর ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে আরএমপি হেডকোয়ার্টারে নামফলকটি উন্মোচন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগেই ১৯৯২ সালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের যাত্রা শুরু হয়। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাঁর অবদানের কথাও স্মরণ করেন তিনি এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
মো. মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরএমপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের রাজনৈতিক প্রভাব ছাড়াই আইনকে নিজস্ব গতিতে চলতে দিতে হবে।
নামফলক উন্মোচন অনুষ্ঠানে আরএমপি পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবির, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী-৩ আসনের এমপি অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















