বিশ্ব মশা দিবসে চট্টগ্রামে মাসব্যাপী বিশেষ মশক নিধন ক্রাশ প্রোগ্রাম
- আপডেট সময় : ০৩:৩৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
বিশ্ব মশা দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরে শুরু হয়েছে মাসব্যাপী বিশেষ মশক নিধন ক্রাশ প্রোগ্রাম। বৃহস্পতিবার সকালে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু ওষুধ প্রয়োগের ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা নিশ্চিত করাকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্মাণাধীন ভবন, পরিত্যক্ত জায়গা, জমে থাকা পানি ও বিভিন্ন স্থাপনায় এডিস মশার লার্ভা শনাক্ত করে তা ধ্বংস করা হবে।
বিশ্ব মশা দিবস উপলক্ষে নগরের সেন্ট প্লাসিড স্কুল ও পাথরঘাটা সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
পরে পাথরঘাটা এলাকার বিভিন্ন অলিগলিতে মশার বিস্তার রোধে ওষুধ ছিটানোসহ ব্যাপক অভিযান পরিচালনা করে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা দল। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিটি করপোরেশন জানিয়েছে, মাসব্যাপী এই বিশেষ ক্রাশ প্রোগ্রাম নগরের সব ওয়ার্ডে পর্যায়ক্রমে পরিচালনা করা হবে। এর মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি নগরবাসীকে ডেঙ্গু প্রতিরোধে আরও সচেতন করা হবে।























