ব্রাহ্মণবাড়িয়ায় বিস্কুট কারখানায় ৫ লাখ টাকা জরিমানা
- আপডেট সময় : ০৭:১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর বাজারের ‘নিউ সুরুচী বিস্কুট ফ্যাক্টরি’কে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও অনিয়মের দায়ে ৫ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেন আলী।
অভিযানে কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোড়কে উৎপাদনের তারিখ না থাকা এবং বাজার থেকে ফেরত আসা পচা-নষ্ট বিস্কুট ও রুটি নতুন পণ্যের সঙ্গে সংরক্ষণের বিষয়টি ধরা পড়ে।
জেলা প্রশাসন জানায়, এসব কর্মকাণ্ড নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা ও খাদ্যপণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য উল্লেখসহ আইন মেনে চলতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।





















