বাংলাদেশ-মালয়েশিয়ার পর্যটন সহযোগিতা জোরদারে বৈঠক
- আপডেট সময় : ১১:৫৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ১৫৫২ বার পড়া হয়েছে
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন খাতে সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে বৈঠক করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত এবং মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়ের (এমওটিসি) উপমন্ত্রী ওয়াইবি চু চুন ম্যান।
মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) মালয়েশিয়ার প্রশাসনিক শহর পুত্রজায়ায় অনুষ্ঠিত এ বৈঠকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মানজুরুল করিম খান চৌধুরীসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, পর্যটকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি এবং আকর্ষণীয় ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
আলোচনায় দুই দেশের মধ্যে ফ্লাইট সংখ্যা ও ফ্রিকোয়েন্সি বৃদ্ধি, ভিসা প্রক্রিয়া সহজীকরণ, প্রি-ভেরিফিকেশন ব্যবস্থা, সাংস্কৃতিক বিনিময়, দক্ষতা উন্নয়ন এবং পর্যটন খাতে অভিজ্ঞতা ও সফলতার মডেল বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া আতিথেয়তা (হসপিটালিটি) খাতে প্রশিক্ষণ ও দক্ষ জনবল উন্নয়নে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। মালয়েশিয়ার পর্যটন ও আতিথেয়তা খাতে দক্ষ কর্মীর চাহিদা পূরণে যোগ্য বাংলাদেশি কর্মীদের জন্য আরও সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেয় দুই পক্ষ।
বৈঠকে উভয় দেশের প্রতিনিধিরা বলেন, পর্যটন উন্নয়ন, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক আরও গভীর হবে। এ ধরনের উদ্যোগ দুই দেশের পর্যটন ও সাংস্কৃতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
বৈঠকে মালয়েশিয়ার পর্যটনবিষয়ক উপ-মহাসচিব চুয়া চুন হুয়া, ট্যুরিজম মালয়শিয়া-এর এশিয়া ও আফ্রিকা বিষয়ক আন্তর্জাতিক প্রচার বিভাগের পরিচালক নুওয়াল ফাদিলাহ কু আজমি, এমওটিসি ও ট্যুরিজম মালয়শিয়া-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা এবং ফার্স্ট সেক্রেটারি (কমার্শিয়াল) প্রণব কুমার ঘোষ উপস্থিত ছিলেন।


























