স্থপতি রাজিউদ্দীন আহমাদ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত
- আপডেট সময় : ০১:৪৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / ১৫৭০ বার পড়া হয়েছে
রাজশাহী মহানগরে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘স্মৃতি অম্লান’-এর পরিকল্পনা, নকশা ও বাস্তবায়নকারী দেশবরেণ্য স্থপতি রাজিউদ্দীন আহমাদ দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে কানাডার একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থপতি রাজিউদ্দীন আহমাদ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত। কানাডার হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর চিকিৎসা শুরু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আধুনিক ও জটিল চিকিৎসা পদ্ধতির মাধ্যমে তাঁর চিকিৎসা চলবে। তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
স্থপতি রাজিউদ্দীন আহমাদের মেয়ে শিক্ষাবিদ ও সংগীতজ্ঞ ড. আহমাদ মায়া আখতারী জানান, বাবার চিকিৎসা নিশ্চিত করতে পরিবার সর্বোচ্চ চেষ্টা করছে। তাঁর উন্নত চিকিৎসার জন্য কানাডায় বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, স্থপতি রাজিউদ্দীন আহমাদের স্ত্রী শিক্ষাবিদ হাবিবা আখতারী স্বপ্নাও ক্যান্সারে আক্রান্ত হয়ে কানাডায় চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের সদস্যরা জানান, কানাডার জ্যেষ্ঠ নাগরিক হিসেবে তাদের চিকিৎসা অগ্রাধিকার ভিত্তিতে চলছে।
স্থপতি রাজিউদ্দীন আহমাদ ও তাঁর স্ত্রীর দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছে পরিবার।




















