বাংলাদেশের কাছে হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া
- আপডেট সময় : ০১:২৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ১৫৪০ বার পড়া হয়েছে
বাংলাদেশের কাছে ডারউইন টেস্টে ৯ উইকেটের লজ্জাজনক পরাজয়ের পর এবার মাঠের বাইরেও শাস্তির মুখে পড়তে পারে অস্ট্রেলিয়া। নির্ধারিত সময়ের মধ্যে বোলিংয়ের প্রয়োজনীয় ওভার শেষ করতে না পারায় জরিমানা এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের ম্যাচে ৯০ ওভারের লক্ষ্যের বিপরীতে অস্ট্রেলিয়া বোলিং করেছে ৮৬ ওভার। অর্থাৎ নির্ধারিত সময়ের চেয়ে তারা চার ওভার পিছিয়ে ছিল।
আইসিসির নিয়ম অনুযায়ী, স্লো ওভার রেটের কারণে প্রতি কম ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ পর্যন্ত জরিমানা হতে পারে। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা টেস্টে প্রায় ২০ হাজার ডলার ম্যাচ ফি পান। সে হিসাবে চার ওভার কম করার কারণে প্রত্যেক খেলোয়াড়কে সর্বোচ্চ ৪ হাজার ডলার পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।
তবে শাস্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ম্যাচ রেফারি পুরো পরিস্থিতি বিবেচনা করবেন। ডারউইনের গরম ও আর্দ্র আবহাওয়া, উইকেটের অবস্থা এবং অন্যান্য বিষয়ও এতে প্রভাব ফেলতে পারে।
শুধু জরিমানাই নয়, স্লো ওভার রেটের কারণে অস্ট্রেলিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট থেকেও চার পয়েন্ট কেটে নেওয়া হতে পারে। বর্তমানে ৮৪ পয়েন্ট ও ৭৭.৭৮ শতাংশ জয়ের হার নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া।
স্লো ওভার রেটের কারণে পয়েন্ট হারানোর অভিজ্ঞতা অবশ্য অস্ট্রেলিয়ার নতুন নয়। ২০২০ সালের বক্সিং ডে টেস্টে একই কারণে তাদের চার পয়েন্ট কাটা হয়েছিল। এর ফলে ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা হারাতে হয়েছিল দলটিকে।
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে মাত্র চার দিনেই ৯ উইকেটের পরাজয় এখন অস্ট্রেলিয়ার জন্য মাঠ ও মাঠের বাইরে বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে।


























