তালায় ১৫ বছরের কিশোরীর বাল্যবিবাহ বন্ধ
- আপডেট সময় : ০৫:৩৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালায় ১৫ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহের উদ্যোগ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বিয়ে বন্ধের পাশাপাশি দুই পরিবারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
জানা গেছে, তালা সদর ইউনিয়নের আটারই গ্রামের কিশোরীর সঙ্গে ইসলামকাটি ইউনিয়নের ঘোনা দাশপাড়ার ২৪ বছর বয়সী এক যুবকের বিয়ের উদ্যোগ নেওয়া হয়। বিষয়টি জানতে পেরে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় উভয় পক্ষকে নোটিশ দেয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) উভয় পক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হলে ইউএনও জান্নাতুল আফরোজ স্বর্ণা বাল্যবিবাহের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। কিশোরীর ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে বা একসঙ্গে বসবাস না করার নির্দেশ দেওয়া হয়।
পরে দুই পরিবারকে ভবিষ্যতে বাল্যবিবাহে জড়িত না হওয়ার বিষয়ে মুচলেকা দিয়ে নিজ নিজ পরিবারের কাছে পাঠানো হয়। একই সঙ্গে কিশোরীর লেখাপড়া চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

























