পানিতে ডুবে চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু
- আপডেট সময় : ০৫:৪৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী শান্ত দেব এবং কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের শিক্ষার্থী অর্ণব দত্ত। তাঁরা দুজনই বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দুপুরে শান্ত ও অর্ণব বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে তাঁরা পানিতে তলিয়ে যান। পরে উদ্ধার অভিযানে প্রথমে একজনকে প্রায় ১০ মিনিট পর এবং অপরজনকে প্রায় এক ঘণ্টা পর উদ্ধার করা হয়।
উদ্ধারের পর তাঁদের চুয়েটের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য নগরের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এর আগে গত ২৮ জুলাই একই পুকুরে পানিতে ডুবে চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অর্ণব সাহা মারা যান।
ওই ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুকুরটির চারপাশে নিরাপত্তাবেষ্টনী দেওয়া, পাড় বড় করাসহ কয়েকটি নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিল। এর মধ্যেই একই পুকুরে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু হলো।

























