কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৩:৩৩:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত একটি গুরুত্বপূর্ণ স্থাপনা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ঐতিহাসিক এই স্থাপনাটি যথাযথভাবে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (৮ আগস্ট) চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ইয়াসের খান চৌধুরী বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ফলে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি সংরক্ষণ করা প্রয়োজন। এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি অর্থবছর অথবা আগামী অর্থবছরের মধ্যে এই বরাদ্দ বাড়ানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিসইনফরমেশন ও ডিজইনফরমেশন প্রতিরোধে সরকারের উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, নিউ মিডিয়ার মাধ্যমে একটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অপতথ্য ও মিথ্যা তথ্যের বিস্তার রোধের পাশাপাশি জনগণকে সচেতন করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষণীয় ও সচেতনতামূলক রিলস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। নিউ মিডিয়া প্রকল্পের আওতায় সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়েও এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।
বাংলাদেশ বেতারকে আরও শক্তিশালী ও আধুনিক করার বিষয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, বেতারের এফএম সম্প্রচার শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রকল্পও হাতে নেওয়া হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় সিগনেচার অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’কে আরও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
পরিদর্শনকালে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, কালুরঘাট বেতার কেন্দ্রের পরিচালক শাহীন আক্তার, চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) বাপ্পী চক্রবর্তীসহ বাংলাদেশ বেতারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





















