খানাখন্দে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক; কুমিল্লার অংশে যানজট, জনদুর্ভোগ চরমে
- আপডেট সময় : ১১:৫৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ১৬০১ বার পড়া হয়েছে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ময়নামতি সেনানিবাসসংলগ্ন আমতলী এলাকায় খানাখন্দ ও সংস্কারকাজের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। সামান্য বৃষ্টিতেই সড়কের বিকল্প লেনে বড় বড় গর্ত ও পানি জমে যানবাহন চলাচল ধীরগতির হয়ে পড়ছে।
শুক্রবার (৭ আগস্ট) সকালে আমতলীকে কেন্দ্র করে আলেখারচর থেকে সুয়াগাজী পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে শত শত যানবাহন। পরে বিকেলের দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।
হাইওয়ে পুলিশ জানায়, আমতলীর প্রায় আধা কিলোমিটার অংশে গত তিন মাস ধরে সংস্কারকাজ চলছে। এক পাশ বন্ধ রেখে অন্য পাশ দিয়ে যানবাহন চলাচল করানো হলেও বৃষ্টিতে বিকল্প লেন ক্ষতিগ্রস্ত হওয়ায় যানজট বাড়ছে। গত দুই দিনে অন্তত চারটি মালবাহী ট্রাক গর্তে আটকে পড়ে।
হাইওয়ে পুলিশের কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের জন্য সড়ক ও জনপথ বিভাগকে একাধিকবার জানানো হয়েছে। তবে এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, যান চলাচল স্বাভাবিক রাখতে অস্থায়ীভাবে সংস্কারকাজ করা হচ্ছে। ভারী বৃষ্টির কারণে কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। রোদ উঠলে পুনরায় সংস্কারকাজ শুরু করা হবে।

























