সেনাবাহিনীর প্রশিক্ষণে রাঙামাটির ১৫ নারী স্বাস্থ্যকর্মী
- আপডেট সময় : ০২:৩৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
দুর্গম পাহাড়ি এলাকায় গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাঙামাটি রিজিয়নের উদ্যোগে ১৫ জন নারী স্বাস্থ্যকর্মীকে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
রাঙামাটি রিজিয়নের ব্যবস্থাপনায় এবং জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে রিজিয়নের প্রান্তিক হলরুমে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক। এ সময় সদর জোন কমান্ডার লে. কর্নেল একরামুল রাহাত, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা এবং জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক সোহাগময় চাকমাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে রাঙামাটির ১০ উপজেলা থেকে আগত ১৫ জন প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্য সহকারী অংশ নেন।
রিজিয়ন কমান্ডার বলেন, পার্বত্যাঞ্চলের জনগণের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।





















