ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচি পালিত
- আপডেট সময় : ০৮:১১:১০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে ‘ক্লিন ময়মনসিংহ’ ও ‘ক্লিন সানডে’ কর্মসূচি। কর্মসূচির অংশ হিসেবে সপ্তাহের প্রতি রোববার কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা ও মাঠ শিক্ষক, শিক্ষার্থী, জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা নিজ হাতে পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন। ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের এই ইতিবাচক উদ্যোগ ইতোমধ্যেই জেলাব্যাপী আড়াই হাজারেরও বেশি স্কুলে ব্যাপক সাড়া ফেলেছে। ধারাবাহিক এই কর্মসূচির অংশ হিসেবে রোববার (২ আগস্ট) সকালে শম্ভুগঞ্জ ইউসি উচ্চ বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ূন কবির সরকার। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহছিনা খাতুনসহ অনেকে।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, ‘সুস্থ দেহ সুস্থ মন’ সবারই কাম্য। পরিবেশ রক্ষায় দেশে সবুজ গাছপালা লাগানোর সরকারি কর্মসূচি চলমান রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ, বনজ ও নানা ধরনের বৃক্ষের চারা রোপণের মাধ্যমে দেশকে আরও সবুজায়ন করতে হবে। এছাড়াও স্কুলের আঙ্গিনা পরিষ্কার করা এবং গাছ রোপণের মতো কাজ শিক্ষার্থীদের মনে দেশপ্রেম ও প্রকৃতিপ্রেম জাগিয়ে তুলবে, যা সমাজ থেকে হারিয়ে যাওয়া ইতিবাচক মূল্যবোধ ও মানবিকতা ফিরিয়ে আনতে বড় ভূমিকা রাখবে।





















