ফরিদপুরে ৯ বছরের শিশুকে হত্যার অভিযোগ।।
- আপডেট সময় : ১২:০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তারাকান্দি এলাকায় রেললাইনের পাশ থেকে ৯ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শিশুটিকে অস্বাভাবিকভাবে কিছু করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। তবে ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে নগরকান্দা থানা পুলিশ।
শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার চরযশোরদী ইউনিয়নের তারাকান্দি গ্রামের রেললাইনের পাশের পারিবারিক কবরস্থানের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মাহমুদা (৯) তারাকান্দি গ্রামের ইদ্রিস মোল্ল্যার মেয়ে। চার ভাই-বোনের মধ্যে সে ছিল সবার ছোট।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টার দিকে মাহমুদা নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে রাত ৯ টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান চালায়। একপর্যায়ে রেললাইনের পাশের পারিবারিক কবরস্থানের নিকট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মাদ আল ফাহাদ বলেন, “প্রাথমিকভাবে বিষয়টি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, অন্য একটি শিশুর সঙ্গে খেলতে গিয়ে আঘাতে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।”
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





















