জগন্নাথপুরে নৌকাডুবিতে একজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩
- আপডেট সময় : ০৬:২৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ডিঙ্গি নৌকা ডুবে এক হৃদয়বিদারক দুর্ঘটনার ঘটনা ঘটেছে।
শুক্রবার গভীর রাত প্রায় ৩টার দিকে উপজেলার পৌরসভার বৈঠাখালী এলাকায় মইয়ার হাওরে এই দুর্ঘটনা ঘটে। নৌকায় থাকা কয়েকজন প্রাণে বেঁচে তীরে উঠতে সক্ষম হলেও চারজন নিখোঁজ হন।
শনিবার( ১ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে তাদের মধ্যে অরুণ দেবনাথের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও তিনজন।
নিখোঁজ ব্যক্তিরা হলেন—ভবানীপুর এলাকার অধির দেবনাথ (৫০), হেমেন্দ্র দেবনাথ (৫৫) এবং সতীন্দ্র দেবনাথ (৫২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভবানীপুর এলাকার কয়েকজন বাসিন্দা পৌরসভার পাশের মইয়ার হাওরপাড়ের বালুচল গ্রামের একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে গভীর রাতে একটি ছোট ডিঙ্গি নৌকায় করে ফেরার সময় বৈঠাখালী এলাকায় পৌঁছালে হঠাৎ নৌকাটি ডুবে যায়।
এতে যাত্রীরা পানিতে ছিটকে পড়েন। কয়েকজন সাতরে তীরে উঠতে পারলেও অরুণ দেবনাথ, অধির দেবনাথ, হেমেন্দ্র দেবনাথ এবং সতীন্দ্র দেবনাথ নিখোঁজ হন।
শনিবার সকাল থেকেই ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টার পর বেলা সাড়ে ১১টার দিকে অরুণ দেবনাথের মরদেহ উদ্ধার করা হয়। বাকি তিনজনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকেও ঘটনাটি সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে এবং নিখোঁজদের উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।













