সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে হাই কোর্টের রায় বহাল
- আপডেট সময় : ০৭:৩৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বহুল আলোচিত সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে হাই কোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বৃহস্পতিবার সকালে এই ঐতিহাসিক রায় দেন। এর ফলে দীর্ঘ দিন পর সংবিধানে আনুষ্ঠানিকভাবে পুনর্বহাল হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান।
দেশের সর্বোচ্চ আদালতের রায়ে কাটলো দীর্ঘদিনের সাংবিধানিক টানাপোড়েন। ২০১১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে চূড়ান্ত রায় দিলেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ হাইকোর্টের রায়টিই বহাল রেখেছেন। যার মাধ্যমে দেশের সংবিধানে আনুষ্ঠানিকভাবে ফিরে এলো বহুল প্রতীক্ষিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান।
তবে পুরো সংশোধনী বাতিল চাওয়া সুজন সম্পাদকের আইনজীবী জানান, পুর্ণাঙ্গ রায় পাওয়ার পর রিভিউ এর সিদ্ধান্ত নিবেন তারা।
টানা তিন দিনের শুনানিতে পঞ্চদশ সংশোধনীর মৌলিক কাঠামোর পরিপন্থী ধারাগুলো বাতিলের পক্ষে মত দেন রাষ্ট্রপক্ষ ও জামায়াতে ইসলামীর আইনজীবীরা । তবে নীতিনির্ধারণী বিষয়গুলো সংসদের ওপর ছেড়ে দেওয়ার আর্জি জানান তারা। আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখায়, ৪টি ধারা বাতিল হলো। বাকিগুলো আলাপ আলোচনার মাধ্যমে সংসদ ঠিক করবে বলে জানান আইনজীবীরা।
আদালতের এই রায়কে যুগান্তকারী ও ঐতিহাসিক হিসেবে দেখছেন রিটকারীরা। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলেও এর পরবর্তী রূপরেখা বা গঠন প্রক্রিয়া কেমন হবে—তা নিয়ে এখনো কিছু অস্পষ্টতা রয়ে গেছে বলে জানান সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।
দেশের বিচারিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই রায়ের মাধ্যমে সংবিধানের সার্বভৌমত্ব ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পথ আরও সুগম হলো বলে মনে করছেন আইনজীবীরা।

























