তেহরানকে কখনই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না: ট্রাম্প
- আপডেট সময় : ১০:৪৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
ইরানের সাথে পরমাণু চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্র এখনো প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কূটনীতি ব্যর্থ হলে ওয়াশিংটন সামরিক শক্তি প্রয়োগে প্রস্তুত রয়েছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হোয়াইট হাউজের এক অনুষ্ঠানে ট্রাম্প জোর দিয়ে বলেন, তেহরানকে কখনই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
মার্কিন প্রেসিডেন্ট জানান, প্রয়োজনে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানার পূর্ণ সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। হোয়াইট হাউজের রোজ গার্ডেন ক্লাব লাঞ্চে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন, সাম্প্রতিক মার্কিন সামরিক অভিযানের ফলে ইরানের সামরিক শক্তি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। একই সাথে তেহরানকে দ্রুত একটি চূড়ান্ত চুক্তিতে আসার আহ্বান জানান তিনি। এদিকে ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটনের পক্ষ থেকে এমন সামরিক হুমকি অব্যাহত থাকলে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কোনো ধরনের আলোচনা শুরু করবে না তেহরান।
























