ফরিদপুরের পদ্মায় তীব্র নদী ভাঙ্গন
- আপডেট সময় : ০৭:২০:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
বর্ষা মৌসুম শুরু না হতেই ফরিদপুরের পদ্মায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙ্গন। গত কয়েকদিনে ভাঙ্গনের কবলে পড়ে নদীগর্ভে বিলীন হয়েছে কয়েকশ’ একর ফসলি জমি। এরই মধ্যে নর্থচ্যানেলের কয়েকটি বসতভিটাও তলিয়ে গেছে নদীতে। এখন ফসলসহ জমি হারিয়ে দিশেহারা চরাঞ্চলের মানুষ। ভাঙ্গনের তীব্রতা বাড়ায় আতংকিত হয়ে বাড়ীঘর সরিয়ে নিচ্ছেন নদীতীরের বাসিন্দারা।
ফরিদপুর সদর উপজেলার পদ্মার তীরবর্তী ইউনিয়ন নর্থচ্যানেল। আর ইউনিয়নটি প্রতিবছরই নদী ভাঙ্গনের কবলে পড়ে। ইতোমধ্যে ভাঙ্গনের কবলে ভিটেহারা হয়েছেন হাজারো মানুষ। ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা বিলিন হয়েছে নদীগর্ভে। প্রায় দুই দশক ধরে এ চিত্র নর্থচ্যানেল ইউনিয়নের বেশিরভাগ এলাকার।
এ বছর বর্ষা মৌসুম শুরু হতে না হতেই ইউনিয়নটির দুটি গ্রামে নদী ভাঙ্গন তীব্র আকার ধারন করে । ইউনিয়নটির ৫নং ওয়ার্ডের ইউসুফ মাতুব্বরের ডাঙ্গী ও আসমত আলীর ডাঙ্গীর কয়েকশ একর ফসলি জমি চলে যায় নদীগর্ভে। ভাঙ্গনের কবলে পড়ে স্থানীয় বাসিন্দারা তাদের ঘর বাড়ী সরিয়ে নিতে বাধ্য হচ্ছে। প্রতি বছর এ ইউনিয়নটিতে ব্যাপক হারে নদী ভাঙ্গন হলেও কার্যকর কোন ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্দ স্থানীয় বাসিন্দারা।
বর্তমানে নদী ভাঙ্গনের হুমকির মুখে রয়েছে কয়েকশ বসত বাড়ী, কয়েক হাজার একর ফসলি জমি, স্কুল, মসজিদ, ইটভাটাসহ বিভিন্ন স্থাপনা। বিগত দিনে ভাঙ্গনের শুরুতে কিছু বালির বস্তা ফেলে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করা হয়। স্থানীয়দের অভিযোগ, নদী থেকে অবাধে বালু লুট ও টেকসহ বাঁধ না দেওয়ায় প্রতিবছর ভিটে মাটি হারা হচ্ছে হাজারো মানুষ। ভাঙ্গনরোধে দ্রুত কাজ করার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড।
আর ভাঙ্গনরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার।
সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নটি পদ্মা নদীর করাল গ্রাস থেকে রক্ষায় সরকার দ্রুতই কার্যকর ব্যবস্থা গ্রহন করবে এমনটাই প্রত্যাশা নদীতীরবর্তী হাজারো মানুষের।






















