শেরপুরের সীমান্তজুড়ে টহল জোরদার করেছে বিজিবি
- আপডেট সময় : ০১:২৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
শেরপুরের ৪২ কিলোমিটার স্থল ও নৌ সীমান্তজুড়ে বাড়তি টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি। গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বাড়ানো হয়েছে বিশেষ টহল। পুশ-ইনের যেকোনো চেষ্টা ঠেকাতে বিজিবির সাথে কাজ করছেন স্থানীয় গ্রামবাসীরাও।
শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার ৪২ কিলোমিটার স্থল ও নৌ সীমান্তজুড়ে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি)’র টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
জেলার ৮টি বিওপির গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিশেষ করে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বাড়ানো হয়েছে নজরদারি, যাতে কোনোভাবেই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বা পুশ-ইনের ঘটনা না ঘটতে পারে। শুধু বিজিবিই নয়, সীমান্ত সুরক্ষায় এগিয়ে এসেছেন স্থানীয়রাও। মাইকিং, উঠান বৈঠক ও সচেতনতামূলক সভা-সমাবেশের মাধ্যমে সীমান্তের জনগণকে সতর্ক করা হচ্ছে। বিজিবির আহ্বানে সাড়া দিয়ে সন্দেহজনক যেকোনো তথ্য দ্রুত জানাচ্ছেন গ্রামবাসীরা।
স্থানীয় দালালদের শনাক্তকরণ, সীমান্তে বিজিবির কঠোর নজরদারি এবং গ্রামবাসীর সক্রিয় সহযোগিতায় একটি সমন্বিত নিরাপত্তা বলয় গড়ে উঠেছে। ফলে পুশ-ইনের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বাড়তি সতর্কতা ও নজরদারি বজায় রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সম্প্রতি নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়া বিওপির আওতাধীন ১ হাজার ১১৮ নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে বিএসএফ ৫জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর তা প্রতিহত করে।






















