নোয়াখালীতে মাদক ব্যবসার বিরোধীতা করায় দশম শ্রেণির ছাত্রকে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ০১:৫৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
নোয়াখালীর সেনবাগে মাদক ব্যবসার বিরোধীতা করায় আরাফাত হোসেন ফাহিম নামে দশম শ্রেণির এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার রাত ৯টার দিকে সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের দেবিসিংহপুর গ্রামের হাজেরা দিঘী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফাহিম বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার শাহজাহান মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে দেবিসিংহপুর গ্রামের হাজেরা দিঘী এলাকায় মাদক ব্যবসা চলছিল। সম্প্রতি কয়েকজন তরুণ এর প্রতিবাদ করে পাহারা বসালে ক্ষুব্ধ হয়ে হামলা চালায় অভিযুক্তরা। এতে ফাহিম, রিফাত ও সাকিব নামে তিনজন গুরুত্বর আহত হন। ঘটনার সময় নানাবাড়ি থেকে খালার বাড়িতে যাওয়ার পথে ফাহিমকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে মাদক কারবারি হারুন, জাহাঙ্গীর, আবুল খায়ের, মমিনসহ ৭-৮ জন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


























