ঈদের ছুটিতে সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকরা ভাসছে আনন্দ-উচ্ছ্বাসে
- আপডেট সময় : ০৫:০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ঈদুল আযহার ছুটিতে দেশের প্রধান বিনোদন কেন্দ্র সৈকত শহর কক্সবাজারে পর্যটকরা ভাসছে আনন্দ-উচ্ছ্বাসে। কক্সবাজারের অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোও পর্যটক ও স্থানীয়দের পদচারণায় মুখরিত। এদিকে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত এবং সব ধরনের হয়রানিরোধে সার্বিক ব্যবস্থা নেয়ার কথা বলছেন জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড সংশ্লিষ্টরা।
লাবণী থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত তিন কিলোমিটার সৈকতজুড়ে পর্যটকদের বিচরণ। কেউ বীচবাইকে, কেউ ঘোড়ায়; আবার কেউ সমুদ্রস্নানের পাশাপাশি জেটস্কিতে চড়ে মেতেছেন বিনোদন উপভোগে। অনেকেই বিস্তৃত বালিয়াড়িতে হেটেই অবলোকন করছেন সাগর সৈকতের অপরূপ সৌন্দর্য্য।
ভাল লাগার এমন দৃশ্য মুঠোফোন কিংবা ক্যামেরায় ধারণ করে স্মৃতির ফ্রেমে নিজেদের বন্দি করতে ভুল করছেন না ভ্রমনপিপাসুরা।
পর্যটকরা বলছেন, ঈদ কিংবা টানা ছুটি পেলেই অবসাদে তাদের প্রথম পছন্দ কক্সবাজার।
বর্ষা মৌসুমে সাগর স্বাভাবিক সময়ের চেয়ে উত্তাল থাকায় কিছুটা ঝুঁকি রয়েছে জানিয়ে নির্দেশনা মেনে পর্যটকদের গোসলে নামার পরামর্শ লাইফগার্ড কর্মীদের।
পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, ঈদে ৪০ শতাংশের মতো হোটেল কক্ষ ভাড়া হয়েছে। এতে অন্তত: ৫০ হাজারের মতো পর্যটকের সমাগম হতে পারে। তবে কোরবানির আনুষ্ঠানিকতায় মানুষের ব্যস্ততা কাটিয়ে ঈদের তৃতীয়দিন থেকে আশানুরূপ পর্যটক সমাগমের অপেক্ষায় হোটেল-মোটেল গেস্ট হাউস সংশ্লিষ্টরা।
এদিকে পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে কয়েক স্তরের ব্যবস্থার কথা জানায় ট্যুরিস্ট পুলিশ।
সবকিছু ঠিকঠাক থাকলে ঈদ পরবর্তী এই মৌসুমে কয়েক লাখ পর্যটকের আগমন ঘটতে পারে, এমনটাই প্রত্যাশা সকলের।

























