দেশের বিভিন্ন মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৫:৩৪:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / ১৫৬১ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন মহাসড়কে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ঘরমুখো ১৮ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১০ জন। এর মধ্যে ভোরে টাঙ্গাইলের কালিহাতীতে রড বোঝাই ট্রাক উল্টে ঈদে ঘরমুখো ১৫ জনের মৃত্যু হয়। এছাড়াও, মুন্সীগঞ্জের ১ জন ও বগুড়ায় দুই জনের মৃত্যু হয়। সব ঘটনায় ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে।
পবিত্র ঈদুল আজহায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। সকাল থেকে দেশের বিভিন্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনাগুলো ঘটে।
ভোরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় রড বোঝাই ট্রাক উল্টে ১৫ জনের মৃত্যু হয়েছে। নিহতরা অধিকাংশ চট্টগ্রাম ও ফেনী এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ী। পরিবারের সাথে ঈদ করতে চট্টগ্রাম ও ফেনী থেকে উত্তরবঙ্গে যাওয়ার জন্য তারা রড বোঝাই ট্রাকে উঠেছিল। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় উল্টে খাদে পড়ে যায়। এতে রডের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে ১৫জনের মৃত্যু হয়, এ ঘটনায় আরো ৬ জন আহত হয়েছে।
এদিকে, মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া-এক্সপ্রেসওয়ের দোগাছি ও সমষপুরে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। রাত পৌনে ২ টায় দোগাছিতে মাল ভর্তি দুটি ট্রাকের সংঘর্ষে মো:হোসেন নামের এক ট্রাক ড্রাইভার নিহত হয়। অপর দিকে রাত ২ টা ৫০ মিনিটের সময় সড়কের সমষপুর যাত্রী ছাউনী এলাকায় বাস প্রাইবেটকার ও বাসের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাইভেটকারের তিন যাত্রীকে আহত আবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন নারী। সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বনানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঈদের ছুটিতে স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি পাবনায় যাচ্ছিলেন তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।
























