শাপলা চত্বরে হত্যাযজ্ঞ মামলা : দীপু, রুপা ও মোজাম্মেল বাবুকে কারাগারে প্রেরণ
- আপডেট সময় : ০১:২৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ১৫৫২ বার পড়া হয়েছে
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক মন্ত্রী দীপু মনি এবং সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আজ এ আদেশ দেন। তাদের বিরুদ্ধে ওই দিনের ঘটনায় ষড়যন্ত্র ও পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকালে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় দীপু মনিসহ তিনজনকে। প্রসিকিউশন পক্ষ আদালতকে জানায়, শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডটি ছিল একটি পরিকল্পিত নীল নকশা। বিশেষ করে ওই সময় নিহতের সংখ্যা গোপন করতে সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা সরাসরি সহায়তা করেছিলেন বলে অভিযোগ করা হয়।
তদন্ত সংস্থা জানায়, ২০১৩ সালের সেই অভিযানে ঢাকাসহ চারটি স্থানে মোট ৫৮ জন নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। এর মধ্যে শুধু ঢাকাতেই প্রাণ হারান ৩২ জন। এই মামলায় সাবেক আইজিপি শহিদুল হক ও জিয়াউল আহসানসহ আরও ৬ জন বর্তমানে কারাগারে রয়েছেন। মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।


























