খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্যকে গুলি করে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
খাগড়াছড়ির পানছড়িতে পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলোর সংঘাতের বলি হলেন আরও একজন। ভোরে পানছড়ি-লৌগাং সড়কের ইসলামপুর ডাউন এলাকায় মো. ইমন হোসেন নামে ইউপিডিএফ দলের এক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত ইমন ওই এলাকায় দলের কালেক্টর হিসেবে কাজ করতেন। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে। স্থানীয় সূত্র জানায়, আজ ভোরে ইমন ইসলামপুর এলাকায় গেলে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে ব্রাশফায়ার করে পালিয়ে যায়। গণতান্ত্রিক ইউপিডিএফ-এর পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ-কে দায়ী করা হয়েছে। যদিও প্রসিত গ্রুপ এখন পর্যন্ত অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেনি। পানছড়ি থানার ওসি জানান, আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যাকাণ্ড কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।






















