প্রতিষ্ঠার ১৩৯ বছরে পর্দাপণ করেছে চট্টগ্রাম বন্দর
- আপডেট সময় : ০৩:৫১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
প্রতিষ্ঠার ১৩৯ বছরে পর্দাপণ করেছে চট্টগ্রাম বন্দর। দীর্ঘ এ পথচলায় ব্যবসায়ীরা বলছেন হ্যান্ডলিং ও অপারেটিংয়ের সক্ষমতা বাড়লেও, শুল্কায়ন ও খালাস কার্যক্রমে প্রত্যাশিত গতি আসেনি। তাই বন্দরের পাশাপাশি কাস্টমসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার দাবি তাদের।
খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে কর্ণফুলী নদীর মোহনায় গোড়াপত্তন হলেও প্রাতিষ্ঠানিকভাবে চট্টগ্রাম বন্দরের যাত্রা শুরু হয় ১৮৮৮ সালে। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত দীর্ঘ এ সময়ে বন্দরে সক্ষমতা বেড়েছে বহু গুণ। আর বৈদেশিক বাণিজ্যের ৯২ ভাগই পরিচালিত হচ্ছে দেশের প্রধান এই সমুদ্র বন্দর দিয়ে।
বর্তমানে প্রতি বছরই রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং হচ্ছে এই বন্দরে। বেসরকারি খাতের অংশগ্রহণে সাম্প্রতিক বছরগুলোতে ব্যবস্থাপনায় এসেছে আমূল পরবির্তন। কিন্তু বন্দরের সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তাঁরা বলছেন বন্দরের আধুনিকায়নে চিটাগাং কন্টেইনার টার্মিনাল এবং নিউমুরিং কন্টেইনার টার্মিনাল নির্মিত হলেও অবহেলিত রয়ে গেছে জেনারেল কার্গো বার্থ।
তৈরি পোশাক খাতের রফতানির প্রায় শতভাগই সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে, যার বার্ষিক আর্থিক পরিমাণ অন্তত ৪০ বিলিয়ন মার্কিন ডলার। পোশাক ব্যবসায়ীরা বলছেন জাহাজের অপেক্ষা করার যে সময় সেটাকে কমিয়ে, বন্দরে খালাস করার গতি কিভাবে বাড়ানো যায় সেদিকে নজর দেয়া উচিত।
ব্রিটিশ ম্যাগাজিন লয়েড’স লিস্ট অনুযায়ী, বিশ্বের ব্যস্ততম ১০০টি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের বর্তমান অবস্থান ৬৮তম।

























