পবিত্র শব-ই-কদর আজ
- আপডেট সময় : ০৯:৪৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ। সারা বিশ্বের মুসলমানদের কাছে আজকের এই রাতটি অত্যন্ত মহিমান্বিত ও পুণ্যময়। ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগী, কোরআন তিলাওয়াত ও জিকির-আজকারের মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করবেন। পবিত্র কোরআনের সূরা আল-কদরে বলা হয়েছে, ‘কদরের রাত হাজার রাতের চেয়েও অধিক উত্তম।’ অনেকেই এদিন গোরস্থানে গিয়ে প্রয়াত স্বজনদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
২০ রমজানের পর যেকোনো বিজোড় রাতে শবে কদর হতে পারে। তবে অনেক আলেমের মতে, ২৬ রমজানের দিবাগত রাতেই সাধারণত শবে কদর আসে। এ উপলক্ষে ২৭ রমজান দেশে সরকারি ছুটি। এই রাতেই পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল। এ রাতকে কেন্দ্র করে পবিত্র কোরআনে ‘আল-কদর’ নামে একটি সুরাও রয়েছে। শবে কদর মানে মর্যাদার রাত বা ভাগ্যরজনী। এর আরবি নাম লাইলাতুল কদর, যার অর্থ সম্মানিত রাত। পবিত্র এই রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুসারীদের মর্যাদা বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়। তাই মুসলমানদের কাছে এ রাত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সব সংকট থেকে মুক্তির জন্য এ রাতে আল্লাহর দরবারে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। পবিত্র শবে কদর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতিবছরের মতো এবারও আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।




















