দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি হয়নি : বাণিজ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / ১৫৪২ বার পড়া হয়েছে
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকে বাণিজ্য চুক্তি নিয়ে আলাদা করে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার পল কাপুরের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে, দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি করা হয়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। পল কাপুরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এর আগে ৩ মার্চ যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছান। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বাংলাদেশে এটিই তার প্রশাসনের প্রথম উচ্চপর্যায়ের সফর। এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নবনির্বাচিত বিএনপি সরকারের আমলেও কোনো শীর্ষ মার্কিন কর্মকর্তার প্রথম সফর এটি। বিমানবন্দরে মার্কিন দূতাবাসের শীর্ষ কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পর্যায়ক্রমে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আলাদা বৈঠক করেন।




















