পেটে কাঁচি রেখে সেলাইয়ের ঘটনায় তদন্ত কমিটি
- আপডেট সময় : ১১:০৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
- / ১৬৬১ বার পড়া হয়েছে
অবশেষে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে মনিরা নামে এক তরুণীকে অস্ত্রোপচারের পর পেটের মধ্যেই কাঁচি রেখে সেলাই করার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল জানায়, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক কামরুল হাসানকে তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে। অপর দুজন হলেন- গাইনি বিভাগের অধ্যাপক কানিজ ফাতেমা ও সার্জারি বিভাগের কামরুজ্জামান। হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান বলেন, আগামী পাঁচ কর্মদিবসের মধ্যেই ওই কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মনিরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, নিবিড়ভাবে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান বলেন, চিকিৎসকের গাফিলতির কারণে এমন ঘটনা ঘটেছে। এব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। ২০২০ সালের ৩ মার্চ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজে সার্জারি বিভাগের ইউনিট-২ তে ভর্তি ও অস্ত্রোপচার করা হয় মনিরার। এ সময় মনিরার পেটে একটি কাঁচি রেখে সেলাই করে দেন চিকিৎসক। ঘটনার প্রায় দুই বছর পর ১১ ডিসেম্বর ওই হাসপাতালেই পুনরায় অস্ত্রোপচার করে তরুণীর পেট থেকে কাঁচিটি বের করা হয়।

















