৬ মাসের অন্তর্বর্তীকালিন বাজেট করার আহবান মির্জা ফখরুলের
- আপডেট সময় : ০২:৫৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
- / ১৭২৭ বার পড়া হয়েছে
করোনার ভয়াবহতা না কমলে গতানগিত বাজেট করে কোনো লাভ নেই জানিয়ে আগামী ৬ মাসের জন্য একটি অন্তর্বর্তী কালিন বাজেট করার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও অভিঘাত থেকে উত্তরণে জীবন বাঁচানোর বাজেট চায় বিএনপি।
শুক্রবার গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির বাজেট ভাবনা তুলে ধরে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এসময় তিনি আরো বলেন, ২০২১-২২ অর্থবছরের বাজেট হওয়া উচিত ঝুকি মোকাবেলা ও ঝুঁকি ব্যবস্থাপনার বাজেট, জনস্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার বাজেট। হরিলুটকে বৈধতা দিতেই এবারের বাজেটে কালো টাকা সাদা করার ব্যবস্থা রাখা হয়েছে। করোনাকালে কারা এতো কালো টাকার মালিক হলো, জনগণ তা জানতে চায়। করোনাকালে এতো বড় আকারের বাজেট তামাশা ছাড়া কিছু নয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এসময় স্বাস্থ্যখাতকে বাজেটে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে এখাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় করার কথাও জানান বিএনপি মহাসচিব।
























