৬ বছরেও চালু হয়নি ৪ কোটি ২৬ লাখ টাকার সেতু
- আপডেট সময় : ০২:২১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
চার কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে সেতু। উদ্বোধনও হয়েছে প্রায় ৬ বছর আগে। কিন্তু সংযোগ সড়ক নির্মিত না হওয়ায় জনসাধারণের চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া সম্ভব হয়নি তুরাগ নদীর উপর নির্মিত সাকাশ্বরের ‘সামসুল হক সেতু’। এমন অবস্থার মধ্যে চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তবে খুব দ্রুত সংযোগ সড়ক স্থাপনের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের সাকাশ্বর এবং গাজীপুর সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের খালিশাবর্তা এলাকাকে সংযুক্ত করতে ২০১৭ সালে শুরু হয় এই সেতুর নির্মাণ কাজ। ১৪০ মিটার দৈর্ঘ্যের সেতুটি উদ্বোধন করা হয় ২০২০ সালের ১১ জুলাই। সেতুটি উদ্বোধন করেন আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এবং তৎকালীন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তবে উদ্বোধনের ৬ বছর পেরোলেও নির্মাণ করা হয়নি সংযোগ সড়ক। ফলে সেতু থাকলেও কাজে আসছে না স্থানীয় মানুষের।
সিটি করপোরেশন খালিশাবর্তাসহ আশপাশের কয়েকটি এলাকার হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের নাম এই সেতু। এর মাঝেই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা জানান, জমি অধিগ্রহণ-সংক্রান্ত জটিলতার কারণে বছরের পর বছর ধরে আটকে আছে সংযোগ সড়ক নির্মাণের কাজ। দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের।
দ্রুত সংযোগ সড়ক স্থাপনের আশ্বাস গাজীপুর সিটি কর্পোরেশনের।
এলজিআরডি’র নির্মিত এই সেতু এখন এলাকাবাসীর কাছে এক অপূর্ণ স্বপ্ন। দ্রুত সংযোগ সড়ক নির্মাণের মাধ্যমে সেতুটি চলাচলের উপযোগী করার দাবি স্থানীয়দের।


























